তৃণমূল ত্যাগকারী নেতা কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী
দি নিউজ লায়নঃ শেষ পর্যন্ত শত চেষ্টা করেও তৃণমূল ত্যাগ করে কংগ্রেসের হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করার পরেও টিকিট না পেয়ে এদিন রঘুনাথগঞ্জ বিধানসভায় এবার নির্দল প্রার্থী দিল বিক্ষুব্ধ কংগ্রেসের একটা অংশ। এদিনের ঘরোয়া সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জের প্রাক্তন বিধায়ক আবুল হাসনাত ওরফে চন্দন, তৃণমূল জেলা পরিষদ সদস্য নাসির ষশেখ সহ কয়েকশো কর্মী সমর্থক। এদিন তারা এলাকার বিড়ি ব্যবসায়ী ও শিল্পপতি বলে পরিচিত নাসির শেখকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করে।
যা নিয়ে রঘুনাথগঞ্জ বিধানসভার রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। মূলত কংগ্রেসের সিদ্ধান্তের প্রতিবাদে ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে লড়তেই ভোট ময়দানে নেমে পড়লেন বলে তাদের দাবি। ফলে, এই আসনটিতে এবার ত্রিমুখী লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। নাসির শেখ বলেন, আমি সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকি, এলাকার মানুষ চাইছেন তাই আমিও তাদের হতাশ করিনি।এদিন কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে নির্দল প্রার্থী হিসেবে নাসির শেখের নাম ঘোষণা করা হয়।
তিনি শাসকদলের জেলা পরিষদ সদস্য হলেও এবার নির্বাচনে টিকিট না পেয়ে সম্প্রতি অধীর চৌধুরীর হাত ধরে জেলা পার্টি অফিসে কংগ্রেসে যোগ দেন। তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল এবার তিনি কংগ্রেসের টিকিটে লড়বেন। কিন্তু, কংগ্রেস আবুল আকাশে বিশ্বাসকে টিকিট দিলে, কংগ্রেসের একটা অংশ প্রার্থী বদলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। অন্যদিকে একাংশের দাবি, এবারে শাসক দলের প্রার্থী আখরুজ্জামান দুবারের বিধায়ক ও শক্তিশালী প্রার্থী।
এমন একজনের বিরুদ্ধে কংগ্রেস যাঁকে প্রার্থী করেছে তিনি দূর্বল।একজন দুর্নীতিগ্রস্ত বিধায়ককে হারাতে একজন স্বচ্ছ মুখ দরকার। শেষ পর্যন্ত নাসির শেখ তৃণমূল ও কংগ্রেস কোনও দলেরই টিকিট না পেয়ে এদিন নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। শাসকদলের প্রার্থী আখরুজ্জামান বলেন, আমার মূল প্রতিদ্বন্দ্বী যে কে আমি তা খুঁজে পাচ্ছি না। আমি ২৫ বছর রাজনীতি করছি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকলে মানুষ বারবার আমাকে আশীর্বাদ করতেন না। আমি জেতার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত"।

Post a Comment